পর্দার সামনে দাঁড়িয়ে মহিলা জামায়াতের অনুষ্ঠানে বক্তব্য দিলেন এমপি, সামাজিক মাধ্যমে আলোচনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের আয়োজনে একটি অনুষ্ঠানে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মো. সালাহউদ্দিন আইউবীর বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি পর্দার সামনে দাঁড়িয়ে তিনি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন। অনুষ্ঠানে নারী ও পুরুষ অংশগ্রহণকারীদের মাঝে পর্দার ব্যবস্থা ছিল বলে ভিডিও থেকে ধারণা পাওয়া যায়। জানা যায়, গাজীপুরের কাপাশিয়ায় মহিলা জামায়াতের একটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যটি তাঁর ফেইসবুক পেইজে আপলোড করা হয়েছে।
বক্তব্যে সালাহউদ্দিন আইউবী বলেন, সমাজ জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থব্যবস্থাপনা। এ প্রসঙ্গে তিনি ইসলামী অর্থনীতির নীতিমালার কথা তুলে ধরে বলেন, “আল্লাহ সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে বৈধ করেছেন।”
তিনি আরও বলেন, চলতি বছরের ৩০ জুন জাতীয় সংসদে বাজেট পাস হয়েছে। বাজেট আলোচনায় বিএনপি সহ ৮৯ জন সংসদ সদস্য সুদভিত্তিক অর্থব্যবস্থার বিরোধিতা করেছেন এবং সুদ বন্ধের বিষয়ে সংসদে বিলও উত্থাপন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে তাঁর দাবি, “সুদ বন্ধ করা তো দূরের কথা, বরং সুদের হার আরও বৃদ্ধি করা হয়েছে।”
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পর্দার আড়াল থেকে বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে ইসলামী পর্দা-নীতির অনুসরণ হিসেবে ইতিবাচকভাবে দেখছেন, আবার কেউ এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তা ও উপযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে পক্ষে-বিপক্ষে মতামত প্রকাশ করতে দেখা গেছে।
এদিকে সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন মতামত সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজস্ব অভিমত হিসেবে পাওয়া গেছে। এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







