পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়েই দেশে ‘খুনের রাজনীতি’ শুরু হয়: জামায়াত আমির

পিলখানা হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পিলখানার ঘটনার মধ্য দিয়েই দেশে ‘খুনের রাজনীতি’ শুরু হয়। ঘটনার প্রকৃত রহস্য আড়াল করতে ভুক্তভোগীদেরই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে পিলখানা হত্যাকাণ্ড ও জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, পিলখানায় মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে এ দেশের প্রতিরক্ষা ও সার্বভৌমত্বকে আঘাত করা হয়েছে।
তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা। এই ঘটনার আসল রহস্য লুকাতে সুপরিকল্পিতভাবে ভুক্তভোগীদেরই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।
জামায়াত আমির বলেন, জাতি আজ প্রকৃত সত্য জানতে চায়। জামায়াত কখনও দেশের দায়িত্ব পালনের সুযোগ পেলে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সত্যিকার বিচার নিশ্চিত করা হবে।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘জাতি এখন প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্তি চায়। জাতি চায় দেশে আর প্রতিহিংসার রাজনীতি চলবে না। দেশের সব মানুষের প্রতিও আমাদের একই কমিটমেন্ট।’
অনুষ্ঠানে পিলখানা ও জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানানো হয়। ডা. শফিকুর রহমান বলেন, শহিদ পরিবারের এই আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতারাসহ শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।







