ইনকিলাব সেন্টারের দায়িত্ব ছাড়লেন জাবের-জুমা
ওয়ারিশদের কাছে হস্তান্তরের ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী নেতা শহীদ ওসমান হাদী প্রতিষ্ঠিত ইনকিলাব সেন্টারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা।
শহীদ ওসমান হাদির ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে এবং বিদ্যমান দলিল-দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব সেন্টার তাদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। তবে ইনকিলাব মঞ্চের কার্যক্রমে তারা যুক্ত থাকবেন।
বুধবার ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। তিনি জানান, জুলাই-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করে বাংলাদেশপন্থী সংস্কৃতির বিকাশের লক্ষ্যেই তিনি ইনকিলাবে যুক্ত হয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সংগঠনটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি রাজনৈতিক পরিসরেও সক্রিয় হতে শুরু করলে তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
তিনি বলেন, শহীদ ওসমান হাদির শাহাদাতের পর তার ওয়ারিশ-সংক্রান্ত জটিলতা সামনে আসে। বিষয়টির স্থায়ী সমাধানে একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এরই মধ্যে ওয়ারিশ-সংক্রান্ত বিষয় নিয়ে প্রকাশ্যে বিভিন্ন আলোচনা, অপপ্রচার এবং মানহানিকর মন্তব্য ছড়িয়ে পড়ায় তিনি ব্যক্তিগতভাবে মানসিক চাপে পড়েন।
ফেসবুক পোস্টে জুমা লেখেন, “আল্লাহ তায়ালা শহীদ ওসমান হাদীকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের স্বার্থে, তার ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে ও সমস্ত দলিল-দস্তাবেজ সাপেক্ষে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, শহীদ ওসমান হাদির শাহাদাতের আগে পরিচালিত ব্যাংক হিসাবগুলো বর্তমানে ফ্রিজ অবস্থায় রয়েছে। তবে এরপর থেকে তার দায়িত্বকালীন সময়ে ইনকিলাব সেন্টারের সব আর্থিক হিসাব দ্রুত প্রকাশ করা হবে, যাতে কোনো ধরনের বিভ্রান্তি না থাকে।
জুমা বলেন, ইনকিলাবের প্রতি মানুষের যে বিশ্বাস ও ভালোবাসা রয়েছে, তার মর্যাদা রক্ষা করার চেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে সংগ্রাম থেমে থাকবে না, বরং অন্য কোনো মাধ্যমে তা অব্যাহত থাকবে।
এদিকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও আব্দুল্লাহ আল জাবের ও ফাতিমা তাসনিম জুমা জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের কার্যক্রমে তারা আগের মতোই যুক্ত থাকবেন।









