আগস্টে তফসিল, অক্টোবরে ইউপি ভোট শুরু
চূড়ান্তের পথে রোডম্যাপ

আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। নির্বাচন শুরু হওয়ার পর পর্যায়ক্রমে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে ১০ থেকে ১২ মাস সময় লাগবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক কর্মপরিকল্পনা বা রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ তৈরি করা হয়েছে। চলতি মাসের শেষ দিকে সেগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।
তিনি বলেন, "আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে।"
ইসি সূত্রের বরাত দিয়ে তথ্য উপদেষ্টা জানান, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার সুবিধার্থে সারাদেশকে চারটি অঞ্চলে ভাগ করা হয়েছে। এগুলো হলো হাওর ও উত্তর-পূর্বাঞ্চল, পার্বত্য ও উপকূলীয় অঞ্চল, নদীপ্রধান ও চরাঞ্চল এবং সমতল ও শহরাঞ্চল। এসব অঞ্চলের ভৌগোলিক ও মৌসুমি বাস্তবতা বিবেচনায় পৃথক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিকল্পনা অনুযায়ী হাওর ও উত্তর-পূর্বাঞ্চলে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হবে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে তৈরি হওয়া সংশয়ের প্রসঙ্গ টেনে ডা. জাহেদ উর রহমান বলেন, "এটা একটা খুবই আলোচিত ইস্যু ছিল আমাদের সবসময়। অনেকে প্রশ্ন তুলেছিলেন, স্থানীয় সরকার নির্বাচন আদৌ হবে কি না। কারণ অনেক জায়গায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। কিন্তু আমরা বারবার বলেছি, আমাদের মন্ত্রীও সবসময় বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন এ বছরের মধ্যেই শুরু হবে।"
তিনি বলেন, নির্বাচন আয়োজনের জন্য একটি নির্দিষ্ট সময় প্রয়োজন হয়। তাই যত বেশি সম্ভব নির্বাচন শুষ্ক মৌসুম, বিশেষ করে শীতকালকে সামনে রেখে আয়োজনের চেষ্টা করা হয়।
নির্বাচন শেষ হওয়ার সম্ভাব্য সময়সীমা নিয়ে বিভ্রান্তি দূর করতে তথ্য উপদেষ্টা বলেন, "অক্টোবর থেকে নির্বাচন শুরু হবে। আরেকটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। অনেকেই মনে করেন, এখন থেকে ১০ থেকে ১২ মাসের মধ্যে সব নির্বাচন শেষ হবে। বিষয়টি তা নয়। নির্বাচন শুরু হওয়ার পর ১০ থেকে ১২ মাস সময় লাগবে। অর্থাৎ এ বছরের অক্টোবরে ভোট শুরু হলে ২০২৭ সালের অক্টোবর নাগাদ স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ হবে।"
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। তাই ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন একসঙ্গে নয়, পৃথক সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা হবে।
সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান আরও জানান, আগামী ৫ আগস্টের আগেই জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হবে।
এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা জানানো হয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছেন, অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন। অন্যদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রাক্-প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এখন তফসিল ঘোষণার অপেক্ষায় রয়েছে কমিশন।









