কুষ্টিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা রোববার পৃথক দুটি ঝটিকা মিছিল করেছেন। শহরে সকাল ও দুপুরে অনুষ্ঠিত এসব মিছিলের প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছেন ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা দ্রুত ছাত্রলীগ ও যুবলীগের সংশ্লিষ্ট নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবি জানান। এদিকে অভিযান চালিয়ে যুবলীগের একজনকে আটক করেছে পুলিশ। এছাড়া আরও তিন থেকে চারজনকে আটক করে কুষ্টিয়া মডেল থানায় রাখা হয়েছে। তাঁদের পরিচয় যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে শহরের হাউজিং এলাকায় জেলা ছাত্রলীগের অন্তত ৩০ জন নেতা-কর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা ছাত্রলীগের সভাপতি পোস্ট করেন। এছাড়া দুপুরে শহরের মজমপুর এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের একটি গলিতে যুবলীগের নেতা-কর্মীরা আরেকটি ঝটিকা মিছিল করেন। কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশার নেতৃত্বে অনুষ্ঠিত ওই মিছিলের ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছাত্রলীগ ও যুবলীগের এসব কর্মসূচির পর বিকেলে বিএনপির সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেন। ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। ছাত্রদল ও যুবদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের প্রধান সড়ক এনএস রোড প্রদক্ষিণ করে কুষ্টিয়া মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। পরে থানা ফটকে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতা-কর্মীরা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তাঁরা। পাশাপাশি প্রকৃত দোষীদের আগামী সাত দিনের মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন বিএনপির সহযোগী সংগঠনগুলোর নেতারা। সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আবদুল মাজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল হাকিম, জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আওয়াল, পৌর যুবদলের সদস্যসচিব জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াকার পারভেজ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামির হোসেন এবং সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিব হোসেনসহ অন্যরা। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে থানায় এনে তাঁদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।