কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ২৩ জুন রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হবে। রোববার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশিচৌকি বসানো হবে। একই সঙ্গে ঢাকার সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে, যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না থাকে। নিরাপত্তা কার্যক্রমে নিয়মিত পুলিশের পাশাপাশি গোয়েন্দা শাখা (ডিবি) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সক্রিয় থাকবে। এছাড়া সাদাপোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশনের (আইএডি) সদস্যরা গোয়েন্দা নজরদারির দায়িত্ব পালন করবেন। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য মহানগরের বিভিন্ন স্থানে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হবে। পাশাপাশি চারটি প্রধান কন্ট্রোল রুমে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থার সার্বিক তদারকিতে ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এদিকে জুন মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিএমপি জানিয়েছে, ১ থেকে ২০ জুন পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে রাজনৈতিক মামলায় ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ২৮ জন, চুরির ঘটনায় ১২১ জন, দস্যুতা-সংক্রান্ত ঘটনায় ১১৩ জন এবং ডাকাতি-সংক্রান্ত ঘটনায় ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির বিভিন্ন থানা, ডিবি ও সিটিটিসি ইউনিটের পৃথক অভিযানে চলতি জুন মাসে এ পর্যন্ত ৫৫ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।