খুনের রাজনীতি পরিহার না করলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ দেশছাড়া করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। রোববার রাতে রাজধানীর শাহবাগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের ঢাকা মহানগরী শাখা এ কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে নূরুল ইসলাম সাদ্দাম ছাত্রশিবির নেতা সাইফুল্লাহর হত্যাকাণ্ডের জন্য বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “গাইবান্ধায় সাইফুল্লাহকে যে বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার মাধ্যমে হত্যা করা হয়েছে, তা কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না।” তিনি এ ঘটনায় বিএনপি ও যুবদলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ এনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শিবির সভাপতি সাইফুল্লাহ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান বিএনপি ও প্রশাসনের সমালোচনা করে বলেন, বিএনপির কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যেন দেশের জনগণ বাংলাদেশকে তাদের কাছে ইজারা দিয়েছে। তিনি অভিযোগ করেন, দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়, ব্যাংক-বিমা, মাঠঘাটসহ বিভিন্ন খাতে তারা দখলদারি ও অনিয়মে জড়িয়ে পড়েছে। এসব কারণে সাধারণ মানুষ তাদের কর্মকাণ্ডে চরমভাবে বিরক্ত বলেও মন্তব্য করেন তিনি। বিক্ষোভ মিছিলে ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক আবু মুসা, বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। এর আগে রোববার গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রশিবিরের অভিযোগ অনুযায়ী, বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের হামলায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হন। বিকেলে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল্লাহ উপজেলার শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।