রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে নেতাকর্মীদের একটি বড় অংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কমিটি প্রত্যাখ্যান করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে রাজশাহী সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের ৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে আবু সাঈদ হাসানকে আহ্বায়ক এবং শামানুল হক হৃদয়কে সদস্য সচিব করা হয়। ঘোষিত এই কমিটিকে কেন্দ্র করেই নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নবগঠিত আংশিক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবিতে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা শুক্রবার বিকেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা সড়কের পাশে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। পরে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত করে। বিক্ষোভকারী নেতাকর্মীদের অভিযোগ, ঘোষিত আংশিক কমিটিতে টিকটকার, চাঁদাবাজ ও মাদকসেবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা এ কমিটিকে ‘পকেট কমিটি’ বলে অভিহিত করছেন। তাদের দাবি, অর্থের বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে। তাদের আরও দাবি, অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করতে হবে। তা না হলে আন্দোলন অব্যাহত থাকবে। এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, “আমি রাজশাহীর বাইরে আছি। কমিটি দিয়েছে কেন্দ্র, আমরা কিছু জানি না। তবে নতুন কমিটি দেখেছি। এখানে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা বাদ পড়েছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আমরা কেন্দ্রে কথা বলেছি। এখন দেখা যাক তারা কী সিদ্ধান্ত দেন।”