জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। রোববার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জামায়াতে ইসলামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আলোচনায় বাংলাদেশে নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় স্থান পায়। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশাবাদ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বৈঠকে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং আলোচিত বিভিন্ন অর্ডিন্যান্সের সম্ভাব্য প্রভাব ও পরিণতি নিয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া প্রস্তাবিত জাতীয় বাজেট, কর কাঠামোর সংস্কার, রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান এবং বাংলাদেশে সুইডেনের অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়। বৈঠকে সুইডেন রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন। অন্যদিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।