বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক মো. আবদুস সালাম (এম এ সালাম)। শনিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবদুস সালাম বলেন, ‘আমাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন দায়িত্ব সততা ও স্বচ্ছতার সঙ্গে পালন করব।’ তিনি জানান, আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্টের অনুমোদনক্রমে আবদুস সালামকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিএনপির সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসন থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন আবদুস সালাম। তবে বিএনপি ওই আসনে মনোনয়ন দেয় যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিককে। পরবর্তীতে এম এ মালিক নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। এদিকে, একই আসনের আরেক গুরুত্বপূর্ণ মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীকে গত ২২ ফেব্রুয়ারি সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। আবদুস সালামের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জেলা বিএনপি। সংগঠনের সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ব্যারিস্টার আবদুস সালাম একজন দক্ষ, অভিজ্ঞ ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্বে সার্বিক সাফল্য কামনা করা হয়।