অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত অপরাজনীতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ঢাকা মহানগর উত্তর। যুবদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মহাখালী কাঁচাবাজার থেকে শুরু হওয়া মিছিলটি নাবিস্কো মোড় অতিক্রম করে সাতরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। এতে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি, প্রধানমন্ত্রীর এপিএস আব্দুর রহমান সানি, প্রধানমন্ত্রীর গবেষণা বিষয়ক কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারীসহ যুবদলের কেন্দ্রীয় নেতারা। বিক্ষোভ মিছিলে যুবদল ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।