করাচি সফরে জিয়াউর রহমানের শিক্ষাজীবনের তথ্য তুলে ধরলেন ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম পাকিস্তান সফরকালে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জেনারেল জিয়াউর রহমানের শিক্ষাজীবনের কিছু তথ্য তুলে ধরেছেন।
বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, করাচি সফরকালে তিনি জানতে পেরেছেন যে জিয়াউর রহমান করাচি একাডেমি স্কুলের ছাত্র ছিলেন। ওই বিদ্যালয় থেকেই তিনি ১৯৫২ সালে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।
ফেসবুক পোস্টে সাদ্দাম আরও উল্লেখ করেন, মাধ্যমিক শিক্ষা শেষ করার পর ১৯৫৩ সালে জিয়াউর রহমান করাচির ডি.জে. কলেজে ভর্তি হন। একই বছর তিনি পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে কাকুল মিলিটারি একাডেমিতে যোগদান করেন।
জিয়াউর রহমানের ভাষাগত দক্ষতার প্রসঙ্গ টেনে ছাত্রশিবির সভাপতি লেখেন, শিক্ষাজীবনে তিনি উর্দু ও ইংরেজি ভাষায় পড়াশোনা করায় বাংলায় কথা বলতে পারলেও বাংলা লেখা ও পড়ায় ততটা সাবলীল ছিলেন না।
পোস্টে তিনি আরও বলেন, অসাধারণ মেধা ও দক্ষতার কারণে সামরিক বাহিনীতে জিয়াউর রহমানের অবস্থান দ্রুত সুদৃঢ় হয়ে ওঠে এবং তিনি একজন দক্ষ সামরিক কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।







