স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভারতীয় মন্ত্রীদের বক্তব্যের প্রতিধ্বনি: হামিদুর রহমান

সীমান্ত হত্যা ও অবৈধ পুশইন ইস্যুতে সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ অভিযোগ করেছেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভারতীয় মন্ত্রীদের বক্তব্যের প্রতিধ্বনি বলে মনে হচ্ছে। সরকার দেশের সার্বিক স্বার্থ রক্ষা করতে না পেরে ভিন দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে।
বুধবার (১০ জুন) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আজাদ বলেন, প্রতিবেশী রাষ্ট্র আমাদের সঙ্গে সুলভ আচরণ করছে না। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো দেশের মানুষকে সীমান্তে সরাসরি গুলি করে হত্যার বিধান নেই, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।
সীমান্তে পুশইনের ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি জানান, গত তিন মাসে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অর্ধশতাধিক পুশইনের ঘটনা ঘটেছে এবং প্রায় দেড় হাজার বারেরও বেশি পুশইনের চেষ্টা চালানো হয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও দেশপ্রেমিক জনগণের কড়া নজরদারির কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি যে কোনো মূল্যে পুশইন প্রতিহত করার ঘোষণা দেন। তিনি সরকারকে দায়িত্বশীল জায়গা থেকে ভিন দেশের স্বার্থ চরিতার্থ না করারও আহ্বান জানান।
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এই জামায়াত নেতা জানান, গত তিন মাসে সারা দেশে ফৌজদারি মামলার সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। রাজনৈতিক সহিংসতার কারণে এই সময়ে বিএনপির ১৮ জন এবং জামায়াতের ৪ জন নেতাকর্মী খুন হয়েছেন দাবি করে তিনি বলেন, এসব ঘটনায় সরকারের নীরবতাই তাদের পরোক্ষ মদদকে প্রমাণ করে।
বর্তমান সরকারের ১০০ দিনের কার্যক্রমের সমালোচনা করে হামিদুর রহমান আরও বলেন, সরকারের এই সময়ে জনগণের অধিকার রক্ষা বা নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যায়নি। সরকার এখন অতীতের ফ্যাসিবাদের পথেই হাঁটছে। তারা যে আসলে কোনো মৌলিক সংস্কার চায় না, তা ধাপে ধাপে প্রকাশ পাচ্ছে।







