৪২ দিনের মাথায় আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি
লিটারপ্রতি ৫ টাকা বেড়েছে পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম

মাত্র ৪২ দিনের ব্যবধানে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। জুন মাসের জন্য পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন এই মূল্য ১ জুন থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১ জুন থেকে অকটেনের দাম লিটারপ্রতি ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা, পেট্রলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে ডিজেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১১৫ টাকা রাখা হয়েছে। ফলে গণপরিবহন ও পণ্য পরিবহনে সরাসরি ব্যবহৃত প্রধান জ্বালানি ডিজেলের ক্ষেত্রে আপাতত কোনো মূল্য পরিবর্তন হচ্ছে না।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। সরকার প্রবর্তিত স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের দাম পর্যালোচনা করে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।
এর আগে সর্বশেষ গত ১৮ এপ্রিল মধ্যরাত থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছিল। সে সময় ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।
সর্বশেষ এই সিদ্ধান্তের ফলে মাত্র ৪২ দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হলো। এপ্রিলের বৃদ্ধির পর এবারও পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ায় পরিবহন, কৃষি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও সরকার বলছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় মূল্য সমন্বয় করা হয়েছে এবং বিশ্ববাজারে দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভবিষ্যতেও প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত থাকবে।









