বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ এর বাংলাদেশ প্রতিনিধি দলের এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার (১৮ মে) সকাল ১০টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ এর প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ অফিসের চিফ ডিরেক্টর ড. আবদুল আলিম, সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম।
বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা পালন, বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী ও টেকসই করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতকরণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করা হয়। ভবিষ্যতেও দেশে সুশাসন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা জোরদারে জামায়াতে ইসলামী গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী ও টেকসই করতে ‘ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল’ ভবিষ্যতে তাদের সহযোগিতা আরও সম্প্রসারিত করবে বলে আশা প্রকাশ করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল বাতেন।







