জুলাই বিপ্লবে নির্ভীক কণ্ঠস্বর ছিলেন কারিনা কায়সার: নাহিদ ইসলাম

জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে ফ্যাসিস্ট হাসিনার নির্মম গণহত্যার বিরুদ্ধে কারিনা কায়সার ছিলেন এক নির্ভীক কণ্ঠস্বর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (১৬ মে) সকালে ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, জুলাই বিপ্লবে আমাদের রাজপথের সহযোদ্ধা, বিশিষ্ট অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি লিখেছেন, লিভারের গুরুতর জটিলতায় আক্রান্ত হয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি আরও লিখেছেন, জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে ফ্যাসিস্ট হাসিনার নির্মম গণহত্যার বিরুদ্ধে কারিনা কায়সার ছিলেন এক নির্ভীক কণ্ঠস্বর। ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
এনসিপির আহ্বায়ক লিখেছেন, অন্যায়ের বিরুদ্ধে তার এই আপসহীন ও সাহসী অবস্থান আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। তার এই আকস্মিক চলে যাওয়া দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল।
পরিশেষে তিনি লিখেছেন, আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাদের এই কঠিন শোক সহ্য করার ধৈর্য দান করুন।







