নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামের’ ডাক তারেক রহমানের
সরকারের সফলতা নির্ভর করছে নেতাকর্মীদের ওপর

নির্বাচনী লড়াই শেষ হলেও বিএনপির সামনে এখন আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের দেওয়া রায় শুধু সরকার গঠনের সুযোগ নয়, বরং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্বও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এজন্য সরকারের সফলতা অনেকাংশে দলের তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় সহযোগিতার ওপর নির্ভর করছে উল্লেখ করে তিনি ‘নতুন সংগ্রামে’ নামার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে। এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। সেটি হলো—আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা।’
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দলের নেতাকর্মীরা কঠিন পরিস্থিতির মধ্যেও মাঠে কাজ করেছেন। জনগণ বিএনপি এবং দলটির নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছে বলেই সরকার গঠন সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগের দিন পর্যন্ত এটি ছিল বিএনপির ইশতেহার। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর, বিশেষ করে সরকার গঠনের পর এটি এখন বাংলাদেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।’
তিনি আরও বলেন, দেশের ৫২ শতাংশ ভোটার এই ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। ফলে এতে উল্লেখ করা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছিল। এমন একটি রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যেখানে শিক্ষার্থীরা নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ পাবে, নারী-পুরুষ ও শিশুরা নিরাপদে চলাফেরা করতে পারবে।
তিনি বলেন, ‘আমরা যখন স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, তখন বলেছিলাম দেশে এমন রাজনৈতিক পরিবেশ গড়ে তুলবো যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, বিতর্ক করতে পারবে।’
সরকার পরিচালনায় দলের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বলি এটি বিএনপি সরকার। সরকার ঠিক আছে, কিন্তু বিএনপির সরকার। তাই বিএনপি যদি সহযোগিতা না করে, অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না।’
তিনি আরও বলেন, সরকারের সফলতা তখনই নিশ্চিত হবে, যখন দলের প্রতিটি নেতাকর্মী সরকারের পাশে দাঁড়িয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
এর আগে সকাল পৌনে ১১টায় কেআইবি মিলনায়তনে দিনব্যাপী রুদ্ধদ্বার এ মতবিনিময় সভা শুরু হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
দ্বাদশ সংসদ নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম মতবিনিময় সভা।









