রাজধানীর জাতীয় জাদুঘরে চলমান ‘শাপলার শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ শীর্ষক প্রদর্শনীতে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি এবং সংগঠনটির সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর খোলা চিঠি প্রদর্শনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক। মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টা ৩৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে মামুনুল হক লিখেন, “জাতীয় জাদুঘরে চলমান ‘শাপলার শহীদচিত্র’ প্রদর্শনীতে হেফাজতে ইসলামের ১৩ দফা এবং আল্লামা আহমদ শফীর খোলা চিঠি প্রদর্শন নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। স্বাগত নতুন ফ্যাসিবাদ।” তবে এ বিষয়ে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জানা গেছে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার স্মরণে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস দুই দিনব্যাপী এই চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। মঙ্গলবার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এর উদ্বোধন হয়। আগামীকাল বুধবার প্রদর্শনী শেষ হওয়ার কথা রয়েছে। আয়োজক সূত্র জানিয়েছে, প্রদর্শনীতে শাপলা চত্বরের ঘটনার বিভিন্ন স্থিরচিত্র, দলিলপত্র এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য তুলে ধরা হচ্ছে। এর মাধ্যমে ২০১৩ সালের ৫ মে’র ঘটনাকে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে বলে তারা দাবি করেছে। টিআই/