জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে এক জুলাই শহীদের পিতার তোপের মুখে পড়েছেন সরকার দলীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম। লক্ষ্মীপুর -৪ আসনের এই সাংসদকে উদ্দেশ্য করে ওই পিতা বলেন, "আগে জুলাই সনদ বাস্তবায়ন করুন। আপনি কি করবেন তা পরিষ্কার করে বলুন।" শনিবার (২ মে) রাজধানীতে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সবাই বক্তব্য কালে এমন ঘটনা ঘটে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দিচ্ছিলেন লক্ষ্মীপুর ৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম। এ সময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণ করার সময় ক্ষোভ প্রকাশ করেন ওই শহীদের পিতা। সাংসদ নিজামকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন।" জুলাই শহীদের ওই পিতা আরও বলেন, "এখানে শহীদ পরিবারের সদস্যরাও আছেন। কিন্তু আপনি ১৪০০ শহীদ পরিবারের কথা বলেননি, ৩০ হাজার আহত মানুষের কথাও উল্লেখ করেননি। আপনার মনে অনেক কষ্ট ও ক্ষোভ রয়েছে, তা বোঝা যায়। কিন্তু আপনি কী করবেন, সেটাই পরিষ্কার করে বলুন। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, এখন সেটার বাস্তবায়ন দেখতে চাই।" জবাবে আশরাফ উদ্দিন নিজাম বলেন, "বর্ষা বিপ্লবের কথা তো প্রথমেই বলেছি।" ক্ষোভকে স্বাভাবিক ও অধিকার উল্লেখ করে তিনি বলেন, "এটা উনার একটা রাজনৈতিক অধিকার।" এ সময় অনুষ্ঠানস্থলে উত্তেজনা দেখা দেয়। এবি পার্টির নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।