ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয় সম্পাদক আবু সাদিক কায়েমকে জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ঘোষণার সংবাদকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে সংগঠনটি। ছাত্রশিবির জানায়, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কোনো দায়িত্বশীলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার যে খবর কিছু অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর। শুক্রবার (১ মে) সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক জরুরি ঘোষণায় এ তথ্য জানানো হয়। এস এম ফরহাদ জানান, ইসলামী ছাত্রশিবিরে দায়িত্ব পালনরত অবস্থায় কোনো সদস্যের অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ারও সুযোগ নেই। তিনি বলেন, ছাত্রশিবিরের দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর যে কেউ ব্যক্তিগতভাবে যেকোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে বর্তমান দায়িত্বশীলদের ক্ষেত্রে এ ধরনের কোনো সুযোগ নেই। এ অবস্থায় ছাত্রশিবিরের বর্তমান কোনো দায়িত্বশীলকে নিয়ে প্রকাশিত এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে সংগঠনটি।