বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে একটি জাহাজের নাম থেকে ‘জয় বাংলা’ বাদ দিয়ে রাখা হয়েছে ‘অদম্য বাংলা’। অন্য চারটি জাহাজের নাম পরিবর্তন করে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের নামের পরিবর্তে নতুন নাম নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ কোস্ট গার্ডের বিসিজিএস জয় বাংলার নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’। এ ছাড়া বিসিজিএস সৈয়দ নজরুলের নাম পরিবর্তন করে ‘বিসিজিএস ফিরোজ কবীর’, বিসিজিএস তাজউদ্দীনের নাম পরিবর্তন করে ‘বিসিজিএস নুরুল ইসলাম’, বিসিজিএস মনসুর আলীর নাম পরিবর্তন করে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং বিসিজিএস কামারুজ্জামানের নাম পরিবর্তন করে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ রাখা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের উপ-রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। তাজউদ্দীন আহমদ ছিলেন ওই সরকারের প্রধানমন্ত্রী। অন্য দুই জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই চার নেতাকে হত্যা করা হয়। তাঁরা বাংলাদেশের ইতিহাসে জাতীয় চার নেতা হিসেবে পরিচিত।








