পোশাক শ্রমিকদের আন্দোলনের সময় গাজীপুরে নিহত হন তৌফিক শেখ (২২)। এ শ্রমিকের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসা ও নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি দলটির।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এসব দাবি জানান।
এর আগে গত সোমবার গাজীপুরের বাংলাবাজার এলাকায় মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনে অংশ নেন তৌফিক (২২)।
ওই দিন গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেই সময় তৌফিকসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরে তাদের গাজীপুরের হাসপাতালে ভর্তি করা হয়।
গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
শ্রমিক আন্দোলনের এ প্রসঙ্গই মূলত গুরুত্ব পেয়েছে বিরোধী দল জামায়াতের জরুরি সংবাদ সম্মেলনে। এতে দাবি জানানো হয়, শ্রমিকদের কল্যাণে নানা পদক্ষেপ নেওয়ার।
শ্রমিক তৌফিকের মৃত্যুতে শোক জানিয়ে জামায়াত নেতা গোলাম পরওয়ার বললেন, কেন প্রাণহানির ঘটনা ঘটেছে এবং কারা দায়ী, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে।
‘পাশাপাশি আহত শ্রমিকদের সুচিকিৎসা এবং নিহতের পরিবারকে যথাযথ সহায়তা দিতে হবে’, যোগ করেন তিনি।
মজুরি নিয়ে পোশাক শ্রমিকদের মধ্যে যে অসন্তোষ বিরাজ করছে তা নিয়ে জামায়াত উদ্বিগ্ন বলেও জানালেন দলের সেক্রেটারি জেনারেল। বললেন, দেশের তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ, মজুরি নির্ধারণ নিয়ে বিরোধ, শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং একের পর এক কারখানা বন্ধের ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।







