আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ জন্য সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে চান বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁকে দেশে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারকে কয়েক দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কি না, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন অবশ্যই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, আইনসভার মাধ্যমে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আবার প্রতিস্থাপন করতে হবে। এ বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন করাই তাঁদের আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধান সংশোধনের মাধ্যমে এটা প্রতিস্থাপন করা হবে।’

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারকে কয়েক দফায় অনুরোধপত্র পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘আমরাও শুনছি সামাজিক যোগাযোগমাধ্যমে যে, ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বরে আসতে চান। আমরা তাঁকে ফেরত পাওয়ার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে আমাদের নেইবারিং কান্ট্রিকে, পার্শ্ববর্তী দেশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠিয়েছি।’

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার।’

পলাতক শক্তির অপতৎপরতা বরদাশত নয়

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অস্থিরতা সৃষ্টির আশঙ্কা নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতেও ফ্যাসিবাদী শক্তির এ ধরনের অপপ্রয়াস ছিল। তবে পলাতক শক্তির কোনো অপতৎপরতা সরকার মেনে নেবে না।

তিনি বলেন, তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। নিজেদের কৌশল অনুযায়ী তারা এমন চেষ্টা চালাতে পারে। তবে সরকার দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থানের মুখে যারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা দেশে অপতৎপরতা চালাবে, তা হতে দেওয়া হবে না।