আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার হাফিজ উদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি তার কাছে পদত্যাগপত্র জমা দেন এবং তিনি তা গ্রহণ করেন। এরপর সংবিধানের বিধান অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার এসব কথা জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “আজ বিকেল ৫টা ১ মিনিটে মাননীয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আমার কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি পদত্যাগপত্র গ্রহণ করেছি। সংবিধানের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।”
তিনি বলেন, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে লিখিতভাবে পদত্যাগ করতে পারেন। আর রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
স্পিকার আরও জানান, সংবিধানের বিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গুরুতর শারীরিক অসুস্থতা এবং অটোনমিক নিউরোপ্যাথি রোগে আক্রান্ত হওয়ায় রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তার সাংবিধানিক মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগের মাধ্যমে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।









