সীমান্তে উত্তেজনা ও সুশাসনের চ্যালেঞ্জ: বহুমুখী চাপে বিএনপি সরকার
দিনের চিত্র

দেশের রাজনীতিতে একদিকে প্রশাসনিক সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা, অন্যদিকে সীমান্ত হত্যা এবং অর্থনৈতিক চাপ—সব মিলিয়ে সরকার এক জটিল পরিস্থিতির মুখোমুখি। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১২টি খুনের ঘটনা এবং সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশির মৃত্যু জননিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের রুদ্ধদ্বার বৈঠক এবং সংবিধান সংস্কার নিয়ে নাগরিক সমাজের বিতর্ক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে ।
মঙ্গলবার (৯ মে) দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনের আলোচিত ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, সরকার একদিকে উন্নয়ন সহযোগীদের শর্ত ও ঋণের বোঝা সামলাতে ব্যস্ত, অন্যদিকে অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিত করা এবং জনগণের আস্থা ধরে রাখা তাদের জন্য বড় পরীক্ষার মুখোমুখি। বিশেষ করে বিএনপি সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।
সরকার তার কার্যক্রমের মাধ্যমে যেমন নিয়ন্ত্রণ ও সক্ষমতার বার্তা দিতে চাইছে, তেমনি বিরোধী ও বিকল্প রাজনৈতিক শক্তিগুলোও নিজেদের অবস্থান জোরালো করার চেষ্টা করছে।
সরকারে বিএনপি: সুশাসন ও নির্বাচনের কড়া বার্তা
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি ও এর তিন সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে দীর্ঘ ৯ ঘণ্টার মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সুশাসনের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, আসন্ন উপজেলা ও পৌরসভা নির্বাচনে কাউকে ‘জিতিয়ে আনা’ হবে না । প্রশাসনিক প্রভাব খাটিয়ে জয়ী হওয়ার পথ বন্ধ করে তিনি নেতাদের জনগণের আস্থা অর্জনের নির্দেশ দিয়েছেন ।
সরকারের শীর্ষ পর্যায় থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের বার্তাও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে স্পষ্ট করে বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়েছেন যে, অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না । তবে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক সহিংসতার ঘটনা পরিস্থিতিকে ভিন্নভাবে তুলে ধরছে। বিশেষ করে ১২টি খুনের ঘটনা মাঠপর্যায়ে এই বার্তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।
সীমান্তে রক্তপাত ও কূটনৈতিক অস্বস্তি
পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির জয়ের পর সীমান্ত পরিস্থিতি নিয়ে যে আশঙ্কা করা হয়েছিল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে তা রক্তক্ষয়ী রূপে দেখা দিয়েছে। বিএসএফের ছররা বন্দুকের গুলিতে কলেজছাত্র মোরছালিনসহ ২ বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি এর কড়া প্রতিবাদ জানিয়ে ফ্ল্যাগ মিটিং ও মরদেহ ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে।
এই ঘটনা সীমান্ত নিরাপত্তা ও ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে সরকারকে পুনরায় চাপে ফেলেছে, বিশেষ করে যখন বিরোধী দলগুলো ভারতের নীতি নিয়ে সোচ্চার রয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামী কড়া প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। সরব হয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলোও। সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ইস্যু ছিল কসবা সিমান্তে হত্যার ঘটনাটি।
বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ চাপের মধ্যে এ ধরনের সীমান্ত ঘটনা সরকারের জন্য অতিরিক্ত কূটনৈতিক চাপ তৈরি করতে পারে।
সংস্কারে স্থবিরতার অভিযোগ ও গণভোট বৈধতার প্রশ্নে বিতর্ক
রাজনীতির আরেকটি বড় ধারা এখনও ঘুরপাক খাচ্ছে গণভোট ও সংবিধান সংস্কার ইস্যুকে ঘিরে। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আলোচনায় অংশগ্রহণকারীরা সতর্ক করেছেন, গণভোটের রায় উপেক্ষা করা হলে তা গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে।
বক্তারা বলেছেন, দেশে একটি ‘বৈধতার সংকট’ তৈরি হয়েছে, যেখানে জনগণের প্রত্যাশা ও সাংবিধানিক কাঠামোর মধ্যে দূরত্ব বাড়ছে। এই ব্যবধান কমাতে না পারলে সামনে বড় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হতে পারে।
বিশ্লেষকদের মতে, এটি কেবল একটি বুদ্ধিবৃত্তিক বিতর্ক নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক কাঠামো নির্ধারণের লড়াই।
এদিকে সংস্কার ও সুসাশন ইস্যুতে সরকারকে চাপে রাখছে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি)। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে সুর মিলিয়ে সরকারের কার্যক্রমে স্বচ্ছতার অভাব নিয়ে কঠোর সমালোচনা করেছে দলটি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয় ও প্রশাসনে মেধার বদলে এখনও রাজনৈতিক আনুগত্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অস্পষ্টতা নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ।
অর্থনৈতিক চাপ: জাপানি ঋণের সুদে বিপাকে বাংলাদেশ
রাজনৈতিক ও প্রশাসনিক চাপের পাশাপাশি অর্থনীতিতেও সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এদিন উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের ঋণের সুদের হার বৃদ্ধি সরকারের মেগা প্রকল্পগুলোর জন্য দুঃসংবাদ হয়ে এসেছ।
জাপানি ঋণের স্থির সুদের হার ২.৯ শতাংশ থেকে বেড়ে ৩.৬ শতাংশ হয়েছে । এর ফলে ইউজিডিপিসহ তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রস্তাব ফেরত পাঠিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। অর্থনীতিবিদরা বলছেন, সহজ শর্তের ঋণের সুযোগ কমে যাওয়ায় ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চাপ বাড়তে পারে, যা সরকারের উন্নয়নভিত্তিক রাজনৈতিক কৌশলকেও প্রভাবিত করবে।
অর্থনৈতিক বিশ্লেষক ড. জাহিদ হোসেন ও ড. সেলিম রায়হানের মতে, সহজ শর্তে ঋণের সুযোগ কমে আসায় ভবিষ্যতে প্রকল্প নির্বাচনে সরকারকে আরও সতর্ক হতে হবে।
এদিকে নানাবিধ চাপে মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান পরিস্থিতিকে ‘ধ্বংসস্তূপ’ হিসেবে বর্ণনা করে তা থেকে রাষ্ট্রকে টেনে তোলাকে সরকারের প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন।
নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
৯ মের ঘটনাপ্রবাহ স্পষ্ট করছে যে, নতুন দায়িত্ব নেওয়া সরকারের জন্য মোটেও সুসময় যাচ্ছে না।
বিএনপি সরকার একটি ‘জবাবদিহিতামূলক রাষ্ট্র’ গঠনের চাপে রয়েছে। প্রধানমন্ত্রীর কড়া বার্তা দলের ভেতরে ও বাইরে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা হলেও, জামায়াত-এনসিপিসহ রাষ্ট্র সংস্কার আন্দোলনের মতো বিরোধী পক্ষের সোচ্চার ভূমিকা এবং সীমান্ত হত্যা, অর্থনীতি ও আইনশৃঙ্খলা নিয়ে জনঅসন্তোষ সরকারের জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ করছে।









